ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে একটি দল: কাজী শাহ আরফিন
কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত বিএনপির এক নির্বাচনী সভায় ধর্মের নামে বিভেদ সৃষ্টির অভিযোগ তুলে কড়া সমালোচনা করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী শাহ আরফিন।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলার কুড়াখাল উচ্চ বিদ্যালয় মাঠে বাংগরা পশ্চিম ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান, পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে বিজয়ী করা।
প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ আরফিন বলেন, “আগের নির্বাচনগুলোর সঙ্গে এবারের নির্বাচনের বড় পার্থক্য হলো একটি দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তারা গ্রামের সহজ-সরল মা-বোনদের জান্নাতের প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”
তিনি বলেন, যারা প্রকৃত অর্থে ধর্মকে ভালোবাসে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে, তারা কখনো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, এটিকে পুঁজি করে রাজনীতি করা অনৈতিক ও বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন তিনি।
ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে কাজী শাহ আরফিন বলেন, ধানের শীষ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। মুরাদনগরের সার্বিক উন্নয়ন ও জনগণের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ কুতুব উদ্দিনের সঞ্চালনায় এবং অ্যাডভোকেট মোরশেদ আলম খোকন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।
সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিপুল ভোটে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে কুড়াখাল উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাগম দেখা যায়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬