|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১০ পূর্বাহ্ণ

একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’


একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’


নিজস্ব প্রতিবেদক:


অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে মফস্বল সাংবাদিক মোস্তফা খানের প্রথম উপন্যাস ‘একটি কলমের দাম’। বাস্তব অভিজ্ঞতা ও সত্য প্রকাশের সংগ্রামকে ঘিরে রচিত বইটি প্রকাশের আগেই পাঠক ও সাংবাদিক মহলে আগ্রহ তৈরি করেছে।

 

সাংবাদিকতার দীর্ঘ পথচলা থেকে উঠে এসেছে উপন্যাসটির কাহিনি। মফস্বল সাংবাদিকদের সীমিত সুযোগ, অনিয়মিত বা স্বল্প বেতন, রাজনৈতিক চাপ এবং পেশাগত অনিশ্চয়তার মধ্যেও সত্য তুলে ধরার চেষ্টার নানা দিক তুলে ধরেছেন লেখক।

 

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র তৌহিদুল এক তরুণ সাংবাদিক। সত্য প্রকাশের পথে তাকে বারবার বাধা, হুমকি ও হামলার মুখোমুখি হতে হয়। কখনও রাজনৈতিক প্রভাব, কখনও সম্পাদকীয় সীমাবদ্ধতা কিংবা আর্থিক টানাপোড়েন তার পথ রুদ্ধ করতে চাইলেও থামে না তার কলম।

 

বইটির বিভিন্ন অধ্যায়ে মফস্বল সাংবাদিকতার ত্যাগ, আদর্শের লড়াই ও বিবেকের দায়বোধ ফুটে উঠেছে। বিশেষ করে ‘সংবাদের সৈনিক’ অধ্যায়ে মাঠপর্যায়ে প্রতিদিনের সংগ্রাম এবং যথাযথ স্বীকৃতি না পাওয়ার বাস্তবতা তুলে ধরা হয়েছে। আর শেষ অধ্যায় ‘শেষ কপি’-তে তৌহিদুলের কলম সমাজের বিবেকের প্রতীক হয়ে ওঠে।

 

লেখক মোস্তফা খান বলেন, এই উপন্যাস বাস্তব জীবন থেকে নেওয়া। মফস্বলের সাংবাদিকরা প্রতিদিন মাঠে কাজ করলেও তাদের গল্প খুব কমই লেখা হয়। তাদের কথাই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন।

 

তিনি জানান, বইটি উৎসর্গ করা হয়েছে দেশের সেইসব মফস্বল সাংবাদিকদের প্রতি, যারা নানা ঝুঁকি সত্ত্বেও দায়িত্ব পালন করে চলেছেন।

 

‘একটি কলমের দাম’ প্রকাশ করছে ইচ্ছে স্বপ্ন প্রকাশনী। অমর একুশে বইমেলায় স্টল নম্বর ২৩০-এ বইটি পাওয়া যাবে। এছাড়া রকমারি ডটকম, বাতিঘর ও ইচ্ছে স্বপ্ন ডটকমে প্রি-অর্ডারের সুযোগ থাকবে।

 

লেখকের ভাষ্য, বইটি কেবল একজন সাংবাদিকের গল্প নয়; এটি সত্য, দায়িত্ব ও বিবেকের লড়াইয়ের গল্প।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬