দুর্নীতি করব না, কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয়ও দেওয়া হবে না: জামায়াত আমির
মো. শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত নিজেরা দুর্নীতি করবে না এবং কোনো দুর্নীতিবাজকেও প্রশ্রয় দেবে না। সবার জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করা হবে; এখানে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকবে না। জুলাই সনদ ও সংস্কারের সব প্রস্তাব মেনে নিয়ে তা বাস্তবায়নের অঙ্গীকারের ভিত্তিতেই ১১ দল একত্রিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ি মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলীয় জোটে কোনো ব্যাংক ডাকাত, চাঁদাবাজ, ঋণখেলাপি, মামলাবাজ, নারী নির্যাতনকারী বা মানুষের অধিকার হরণকারী নেই। যাচাই-বাছাই করেই প্রার্থী বাছাই করা হয়েছে। তিনি বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।”
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি জাতির মোড় ঘোরানোর নির্বাচন। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে এই নির্বাচন অর্জিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তির পর সমাজের সর্বক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠাই এখন প্রধান লক্ষ্য।
নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরে জামায়াত আমির বলেন, দেশের সীমানা অপরিবর্তিত থাকবে, তবে বাংলাদেশকে বাংলাদেশের মতো করে সাজানো হবে। “এটি সিঙ্গাপুর বা কানাডা হবে—এমন কথা আমরা বলি না; আমরা চাই উত্তম বাংলাদেশ, যেখানে প্রতিটি মানুষ গর্ব করে বলবে—আমি বাংলাদেশি,” বলেন তিনি।
নারী ও শিশু নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, শিশু, বৃদ্ধসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। কর্মস্থলে নারীদের জন্য ডে-কেয়ার ও বেবি কেয়ার সেন্টার গড়ে তোলা হবে এবং শিল্প ও ঘন এলাকায় বিশেষায়িত হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। গ্রামীণ অর্থনীতি ঢেলে সাজানোর অঙ্গীকারও করেন তিনি।
ন্যায়বিচারের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, সাধারণ নাগরিক ও রাষ্ট্রের শীর্ষ পদে থাকা ব্যক্তি—অপরাধ করলে সবার জন্য একই শাস্তি প্রযোজ্য হবে। ধর্ম, বর্ণ বা জাতিগত বিভেদে দেশকে বিভক্ত হতে দেওয়া হবে না; বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ।
জনসভায় ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রথম ভোট হবে ‘হ্যাঁ’, দ্বিতীয় ভোট হবে দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশের জন্য ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা।
এ সময় তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির আব্দুল খালেক। এতে গোদাগাড়ী-তানোরের নেতাকর্মীরা অংশ নেন। নারী কর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থাও রাখা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬