রাজশাহী শিক্ষা বোর্ড: গোপনে ৫৬ নিয়োগ দিলেন চেয়ারম্যান
রাজশাহী অফিস:
রাজশাহী শিক্ষা বোর্ডে কঠোর গোপনীয়তা রক্ষা করে ৫৬ জন চতুর্থ শ্রেণীর কর্মচারি নিয়োগ দিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, এমন অভিযোগ উঠেছে।
গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী'র অফিস কক্ষে চেয়ারম্যান, সচিব, স্কুল পরিদর্শক ও ডিডি সহ বেশ কয়েকজন কর্মকর্তা এ নিয়োগ দেন ৷ তবে নিয়োগপ্রাপ্ত কাউকেই দেয়া হয়নি নিয়োগপত্র। চেয়ারম্যান ও সচিব স্বাক্ষরিত এক চিঠিতে দুইটি স্বারক নং ( ৭৪৯ ও ৭৫০) উল্লেখ করে স্বারক নং ২ টি ফাঁকা রাখতে বলা হয়।
সূত্র বলছে, সুপ্রীম কোর্টের আপীল মামলা নং ৩০০/২০১৫ এর রায়ে পরিস্কার বলা হয়েছে, বোর্ডে পদ শুন্য হলে তা পুরনের জন্য advertisement করলে দৈনিক মজুরদের বয়স শিথিল করে চাকরির অগ্রাধিকার দেয়া যাবে ; অথচ পত্রিকায় কোন বিজ্ঞাপন না দিয়ে সাধারণ চাকরি প্রার্থীদের বঞ্চিত করে, বোর্ডের এস আর ৬৫ এর ২ নং ধারাকে অগ্রাহ্য করে এবং সিলেকশন কমিটির সুপারিশ ছাড়াই গোপনে টাকার বিনিময়ে শুধু মাত্র দৈনিক মজুরদের চাকরি দেয়া হয়েছে। এভাবে প্রশাসনিক দপ্তরের কোন কর্মকর্তাদের না জানিয়ে তড়িঘড়ি করে চতুর্থ শ্রেনীর পদে ৫৬ জন কে নিয়োগ দিয়েছেন কোন রকম শিক্ষাগত যোগ্যাতাসহ অন্যান্য নিয়ম না মেনেই। এমনকি বোর্ডের নিজস্ব প্রবিধান ‘এস আর ৬৫’-এর ২ নং ধারাকে সরাসরি উপেক্ষা করা হয়েছে। নিয়মানুযায়ী যে কোন নিয়োগের ক্ষেত্রে সিলেকশন কমিটির সুপারিশ বাধ্যতামূলক হলেও এক্ষেত্রে কোনো কমিটির তোয়াক্কা করা হয়নি।
সূত্র উল্লেখ করেন, এই সব ডেইলি লেবাররা সবাই আওয়ামী লীগের আমলে কাজে যোগদান করেছিলো। স্থানীয় এমপি বা বর্তমান সরকারের চোখ'কে ফাঁকি দিয়ে এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগের ছাড়পত্র ছাড়াই শুধু মাত্র টাকার বিনিময়ে রফাদফায় এই নিয়োগ সম্পন্ন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা- কর্মচারি জানান, চেয়ারম্যান ও সচিব-সহ সহ কয়েকজন প্রেষনে নিয়োজিত কর্মকর্তাও এ কান্ডে জড়িত আর টাকার কনট্রাকট হয়েছে ডেইলি লেবার মামুন'র মাধ্যমে। চেয়ারম্যান ও সচিব এই মামুনের মাধ্যমেই সকল নিয়োগ, যোগদান ও বোর্ড সভার রেজুলেশন তৈরি করে নিয়েছে সংস্থাপন শাখার কর্মকর্তাদের না জানিয়ে।
জানতে চাইলে সচিব প্রফেসর ডঃ শামীম আরা চৌধুরী বলেন, ফ্যাসিস্ট বিদায়ের পর আমরা শিক্ষা বোর্ডে একটা সংস্কার করতে এসেছিলাম। সে অনুযায়ী আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি। বোর্ড চেয়ারম্যান নিজ ক্ষমতা বলে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দিতে পারে, যা বোর্ড সভায় অনুমোদন সাপেক্ষে হতে হয়। নিয়ম মেনে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম বলেন, হাইকোর্টের আদেশের ভিত্তিতেই এ নিয়োগ দেয়া হয়েছে। কোন অনিয়ম হয়নি৷
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬