রাজধানীর তেজগাঁওয়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
ডেস্ক নিউজ-ঢাকা প্রেস
রাজধানীর তেজগাঁওয়ে পেশাগত সমস্যা সমাধানের নামে গঠিত একটি সরকারি কমিটির প্রস্তাবের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কারিগরি শিক্ষার্থীরা তেজগাঁওয়ের গুরুত্বপূর্ণ সাতরাস্তা মোড়ে অবস্থান নেন। অবরোধের ফলে আশপাশের সড়কগুলোতেও যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কারিগরি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
তিনি আরও জানান, দশম গ্রেডে নিয়োগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন। এর পাশাপাশি উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব বাতিলের দাবিও তাদের আন্দোলনের অন্যতম কারণ।
এর আগে সোমবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ দেশব্যাপী অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (১ ফেব্রুয়ারি) আইডিইবি ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় দশম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবকে বৈষম্যমূলক ও অযৌক্তিক হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের প্রতিটি বিভাগীয় সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে আইডিইবি নেতৃবৃন্দ, সংগ্রাম পরিষদের নেতারা, বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সদস্য প্রকৌশলী, পলিটেকনিক শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬