|
প্রিন্টের সময়কালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫০ অপরাহ্ণ

স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়: আসলাম চৌধুরী


স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়: আসলাম চৌধুরী


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বুধবার সীতাকুণ্ড উপজেলায় ব্যস্ত নির্বাচনী কর্মসূচি পালন করেছেন।

সকাল ৯টায় তিনি সীতাকুণ্ডের জেলে সর্দারদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে সাড়ে ১১টায় মুরাদপুরের রহমত নগর এলাকায় সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এলকে সিদ্দিকীর কবর জিয়ারত করেন। এরপর ওই এলাকায় বিকাল ৩টা পর্যন্ত গণসংযোগ করেন। বিকাল সাড়ে ৪টায় তিনি ছলিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী সমাবেশে যোগ দেন।

ছলিমপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল হুদা জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব খ. ম. নাজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন,
“১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা সরাসরি পাকিস্তানি বাহিনীর পক্ষে অবস্থান নিয়েছিল, যারা লাল-সবুজের পতাকা ও স্বাধীন বাংলাদেশের মানচিত্র মেনে নিতে পারেনি, তারা আজও দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ ও জাতি কখনোই নিরাপদ নয়।”

তিনি বলেন, “এই ষড়যন্ত্র মোকাবেলায় আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেন চৌধুরী। আরও বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. মোরছালিন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, এস এম লোকমান হাকিম, মাহবুব এ খোদা মোর্শেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬