|
প্রিন্টের সময়কালঃ ১০ মার্চ ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মার্চ ২০২৬ ০৫:৩৮ অপরাহ্ণ

তারেক রহমানের নেতৃত্বে ৫ বছরে দেশ অনেক দূর এগিয়ে যাবে: ড. খন্দকার মোশাররফ


তারেক রহমানের নেতৃত্বে ৫ বছরে দেশ অনেক দূর এগিয়ে যাবে: ড. খন্দকার মোশাররফ


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আগামী পাঁচ বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এ লক্ষ্য অর্জনে সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

রবিবার কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ড. মোশাররফ বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় সরকার গঠনের পর গত ২১ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড চালু, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, বিদ্যুৎ সাশ্রয়, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক, সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার সীমিতকরণ, ‘মাননীয়’ সম্বোধনে আপত্তি, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এসব সিদ্ধান্ত দেশের জনগণের প্রশংসা কুড়িয়েছে।

 

তিনি বলেন, তারেক রহমান দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে মননশীল ও আধুনিক পরিকল্পনার মাধ্যমে একটি উন্নত ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন।

 

 

পাঁচবারের সংসদ সদস্য ও তিন মেয়াদে মন্ত্রিত্বের অভিজ্ঞতায় সমৃদ্ধ এই বর্ষীয়ান নেতা সরকারি কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মানসিকতা নিয়ে প্রতিটি দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা, গাফিলতি বা দুর্নীতি বরদাশত করা হবে না।

 

তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি দমনে সরকারি কর্মকর্তাদের কঠোর ভূমিকা নিতে হবে। অপরাধ দমনে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

 

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬