রাজিবপুর পাইলট স্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):
কুড়িগ্রাম–৪ (চর রাজিবপুর) আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে রাজিবপুর পাইলট স্কুল মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। চর রাজিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম–৪ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান বলেন, রাজিবপুরের এই জনসমাবেশ প্রমাণ করেছে—জনগণ আর ভয়ভীতি উপেক্ষা করে ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে। তিনি বলেন, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং অবৈধ শাসনের অবসান ঘটবে।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম–৪ আসনের জনগণ পরিবর্তনের পক্ষে স্পষ্ট রায় দিয়েছে। এই আসন থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন দিকনির্দেশনা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে চর রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত। রাজিবপুর পাইলট স্কুল মাঠের এই জনসভা স্পষ্ট বার্তা দিয়েছে—ধানের শীষই জনগণের মুক্তি ও গণতন্ত্রের প্রতীক।
জনসভায় চর রাজিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলসহকারে অংশ নেন। এ সময় পুরো এলাকা ‘ভোট চাই’, ‘ভোট দেব ধানের শীষে’ এবং ‘গণতন্ত্র মুক্তি পাক’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
সভা শেষে নেতাকর্মীদের মধ্যে বিজয়ের দৃঢ় প্রত্যয় ও আন্দোলনের নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬