|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, শিশুসহ একাধিক হতাহত


আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, শিশুসহ একাধিক হতাহত


আফগানিস্তানের বিভিন্ন এলাকায় ‘উগ্রবাদী’ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির দাবি, সাম্প্রতিক আত্মঘাতী হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে আফগানিস্তান বলছে, হামলায় নারী ও শিশুসহ একাধিক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
 

রোববার ইসলামাবাদ থেকে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানের সাতটি স্থানে ‘উগ্রবাদী গোষ্ঠী’কে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, অভিযানে পাকিস্তানি তালেবান ও তাদের সহযোগী গোষ্ঠী, পাশাপাশি ইসলামিক স্টেটের (আইএস) একটি শাখাকে লক্ষ্য করা হয়।
 

অন্যদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় পূর্বাঞ্চলীয় নানগারহার ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসা ও আবাসিক এলাকায় আঘাত হানা হয়েছে। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিরীহ নাগরিক হতাহত হন।
 

নানগারহারের বিসুদ জেলা থেকে এএফপি-এর এক সাংবাদিক জানান, দুর্গম পার্বত্য এলাকার ওই গ্রামে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকর্মীদের সঙ্গে মিলিত হয়ে ধ্বংসস্তূপের নিচে মৃতদেহের সন্ধান করছেন।
 

স্থানীয় বাসিন্দা ৩৭ বছর বয়সী আমিন গুল আমিন বলেন, গ্রামের মানুষ অত্যন্ত সাধারণ এবং সবাই পরস্পরের আত্মীয়। বোমাবর্ষণ শুরু হলে বেঁচে যাওয়া একজন সাহায্যের জন্য চিৎকার করছিলেন।
 

নানগারহারের পুলিশ জানায়, শনিবার মধ্যরাতের দিকে বোমাবর্ষণ শুরু হয় এবং তিনটি জেলায় হামলার খবর পাওয়া গেছে। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে দুই দেশের সীমান্তে সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬