মূল্যস্ফীতি কমাতে আরও তিন মাসের প্রয়োজন: অর্থ উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৯ অপরাহ্ণ   |   ৪৪০ বার পঠিত
মূল্যস্ফীতি কমাতে আরও তিন মাসের প্রয়োজন: অর্থ উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমান মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে—এ কথা অস্বীকার করার সুযোগ নেই। তবে সরকার ইতোমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, যা মূল্যস্ফীতি কমাতে সহায়ক হবে। এসব উদ্যোগের কার্যকারিতা দেখা যেতে আরও দুই থেকে তিন মাস সময় লাগবে।
 

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 

তিনি আরও জানান, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার বাড়তি পদক্ষেপ নেবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী জুনের মধ্যে গড় মূল্যস্ফীতি ৬ থেকে ৭ শতাংশের মধ্যে নামিয়ে আনার আশা করছে সরকার।
 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত আড়াই বছরেরও বেশি সময় ধরে মাসিক গড় মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০.৮৯ শতাংশে, যেখানে একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২.৯২ শতাংশ। উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালের জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ১৪.১০ শতাংশে পৌঁছেছিল।