|
প্রিন্টের সময়কালঃ ০৯ মার্চ ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মার্চ ২০২৬ ০৭:২০ অপরাহ্ণ

ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত মাসুদ ও আলমগীর ভারতে গ্রেপ্তার


ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত মাসুদ ও আলমগীর ভারতে গ্রেপ্তার


অনলাইন ডেস্ক:

 

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। শনিবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
 

রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।
 

গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশি নাগরিক হলেন— রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)। ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালী জেলায় এবং আলমগীর হোসেনের বাড়ি ঢাকায় বলে জানিয়েছে পুলিশ।
 

এসটিএফ সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে বনগাঁ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধ করে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। গ্রেপ্তার এড়াতে তারা বনগাঁ সীমান্ত এলাকায় আত্মগোপনে ছিলেন এবং সুযোগ বুঝে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন।
 

এসটিএফের তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ওসমান হাদি হত্যার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। সর্বশেষ তাদের অবস্থান ছিল বনগাঁ এলাকায়।
 

রোববার তাদের বিধাননগর আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তদন্তের স্বার্থে তাদের আরও জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফ।
 

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬