|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৭ অপরাহ্ণ

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হচ্ছেন নাবিল মুস্তাফিজুর রহমান


সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হচ্ছেন নাবিল মুস্তাফিজুর রহমান


রাষ্ট্র মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন নাবিল মুস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত রোববার সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে চিঠি দিয়ে নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি হিসেবে নিয়োগে সরকারের সম্মতির বিষয়টি জানিয়েছে। যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন।
 

চিঠিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী নিয়োগ-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য পর্ষদ চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে। ব্যাংক সূত্র জানায়, শিগগিরই বিষয়টি পরিচালনা পর্ষদের বৈঠকে উপস্থাপন করা হবে। এরপর বাংলাদেশ ব্যাংক–এর অনাপত্তি সাপেক্ষে তাকে আনুষ্ঠানিকভাবে এমডি পদে নিয়োগ দেওয়া হবে। পুরো প্রক্রিয়ায় প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।
 

নাবিল মুস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ডিগ্রি অর্জন করেন। ব্যাংকিং খাতে তার অভিজ্ঞতা ৩১ বছরের। ইউসিবিতে এএমডি হিসেবে তিনি ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামিক ব্যাংকিং ও ট্রানজেকশন ব্যাংকিংয়ের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ব্র্যাক ব্যাংকের ডিএমডি এবং হাবিব ব্যাংক লিমিটেডের বাংলাদেশে কান্ট্রি চিফ রিস্ক অফিসার হিসেবে কাজ করেছেন।
 

উল্লেখ্য, এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন—এই পাঁচ ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা; বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬