|
প্রিন্টের সময়কালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১০ অপরাহ্ণ

বগুড়ায় ট্রাক মালিককে গলা কেটে হত্যা


বগুড়ায় ট্রাক মালিককে গলা কেটে হত্যা


বগুড়ার গাবতলীতে দুর্বৃত্তদের দ্বারা সাইফুল ইসলাম (৪০) নামের এক ট্রাকমালিককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে । ব্যবসায়িক দ্বন্দ্বে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো একসময় উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি ঘাসের জমিতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম সোন্দাবাড়ী এলাকার জামাল উদ্দিন ওরফে জামুরের ছেলে।

 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম প্রতিদিন গভীর রাতে কাজ শেষে বাড়ি ফিরতেন। শনিবার দিবাগত রাতেও তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু ভোর হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। তার মুঠোফোনে কল দিলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।

 

পরে ভোরে বাড়ির উত্তর পাশে একটি ঘাসের জমিতে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্বজনরা। নিহতের মেয়ে সাদিয়া আক্তার বলেন, ‘বাবা প্রতিদিন দেরি করে বাড়ি ফেরেন। কাল ভোরেও যখন বাবা ফিরছিলেন না, তখন আমরা খোঁজাখুঁজি শুরু করি। পরে বাড়ির সামনেই বাবার রক্তাক্ত লাশ পাই।

 

স্থানীয় ও পরিবার নিহতের পরিবার থেকে খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানান, নিহতের গলা, মাথাসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক কোনো দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে।

 

তিনি আরো জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬