|
প্রিন্টের সময়কালঃ ০৯ মার্চ ২০২৬ ১১:০০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মার্চ ২০২৬ ০২:৫২ অপরাহ্ণ

দ্রুত খাওয়ার অভ্যাস কমাবেন যেভাবে


দ্রুত খাওয়ার অভ্যাস কমাবেন যেভাবে


অনেকেরই খুব দ্রুত খাবার খাওয়ার অভ্যাস রয়েছে। অফিসের তাড়া, কাজের চাপ, সময়ের অভাব আবার কেউ বা এমনিতেই তাড়াহুড়া করে খাবার খান।  চিকিৎসকদের মতে, তাড়াহুড়ো করে খাবার খাওয়ার অভ্যাস শরীরের জন্য মোটেও ভালো নয়। এতে নিজের অজান্তেই বেশি খাওয়া হয়ে যায়। এর ফলে ধীরে ধীরে ওজন বাড়ার ঝুঁকি তৈরি হয়।

 

বিশেষজ্ঞদের মতে, আমরা যখন খাবার খাই তখন শরীরের ভেতরে কিছু হরমোন কাজ করতে শুরু করে। এই হরমোনগুলো মস্তিষ্ককে জানায় পেট ভরেছে কিনা। এই বার্তার মস্তিষ্কে পৌঁছতে প্রায় ২০ মিনিট সময় লাগে। কিন্তু কেউ যদি খুব দ্রুত খাবার খেয়ে ফেলেন, তাহলে শরীরের 'পেট ভরে গিয়েছে' সংকেত পাওয়ার আগেই প্রয়োজনের চেয়ে বেশি খাবার খেয়ে ফেলেন। এর ফলে শরীরে অতিরিক্ত ক্যালরি জমে এবং সময়ের সঙ্গে ওজন বাড়তে শুরু করে।

 

চিকিৎসকদের মতে, দ্রুত খাওয়ার কারণে শুধু ওজনই বাড়ে না, হজমের সমস্যাও হতে পারে। কারণ খাবার ভালো করে চিবিয়ে না খেলে তা পেটের জন্য হজম করা কঠিন হয়ে পড়ে। এতে গ্যাস,পেট ফাঁপা বা বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে।

 

চিকিৎসক আরও বলেছেন, আজকাল অনেকেই প্রক্রিয়াজাত খাবার বা ফাস্ট ফুড বেশি খেয়ে থাকেন। এই ধরনের খাবার সাধারণত খুব দ্রুত খাওয়া যায় এবং এতে ক্যালরিও বেশি থাকে। এর ফলে মানুষ বুঝতে না পেরে অনেক বেশি খেয়ে ফেলেন।

 

দ্রুত খাওয়ার অভ্যাস কমাতে কিছু উপায় বেছে নিতে পারেন। যেমন- খাওয়ার আগে কয়েক সেকেন্ড সময় নিয়ে খাবারের গন্ধ নিন বা ভাল করে দেখে নিন। এতে শরীর ধীরে ধীরে খাবারের জন্য প্রস্তুত হবে এবং খাওয়ার গতি কিছুটা কমবে।

 

প্রতিটি খাবার ধীরে ধীরে ও ভালো করে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি গ্রাস অন্তত ২০ থেকে ৩০ বার চিবিয়ে খাওয়া ভালো। এতে খাবার সহজে হজম হয় এবং অতিরিক্ত খাওয়ার সম্ভাবনাও কমে। এছাড়া এক একটি গ্রাস নেওয়ার মাঝে কয়েক সেকেন্ড বিরতি নেওয়াও উপকারী। এতে শরীর বুঝতে পারে পেট কতটা ভরেছে।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময় নিয়ে খাবার খেলে যেমন ওজন নিয়ন্ত্রণে রাখা যায়, তেমনি হজম ভালো হয়। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬