|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে তুষারধসে ছয় বান্ধবীসহ নিহত ৯


যুক্তরাষ্ট্রে তুষারধসে ছয় বান্ধবীসহ নিহত ৯


যুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বতমালায় ভয়াবহ তুষারধসে ৬ ঘনিষ্ঠ বান্ধবী ও তাদের তিনজন গাইডসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে।
 

দেশটির সাম্প্রতিক ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ তুষারধস হিসেবে বিবেচনা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
 

নিহতরা পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হলেও ব্যক্তিগত জীবনে ছিলেন পরিবারকেন্দ্রিক- কেউ মা, কেউ স্ত্রী।
 

পাহাড় ও স্কি-অভিযানের প্রতি গভীর আগ্রহ থেকেই তারা পেশাদার গাইডের তত্ত্বাবধানে তিন দিনের ব্যাককান্ট্রি স্কি ট্রিপে অংশ নেন।
 

মৃতদের মধ্যে লিজ ক্ল্যাবাঘ ও ক্যারোলিন সেকার নামের দুই বোন রয়েছেন। পরিবারের বরাতে আরও চার বান্ধবীর পরিচয় জানা গেছে ক্যারি অ্যাটকিন, ড্যানিয়েল কিটলি, কেট মোর্স ও কেট ভিট।
 

তারা আইডাহো ও ক্যালিফোর্নিয়ার বে এরিয়া অঞ্চলের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরেই একসঙ্গে স্কি করতেন এবং নিয়মিত পাহাড়ি অভিযানে অংশ নিতেন।
 

পরিবারের সদস্যরা জানান, সবাই অভিজ্ঞ স্কিয়ার ছিলেন। প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ও প্রশিক্ষণ নিয়েই তারা অভিযানে গিয়েছিলেন। তবুও প্রকৃতির আকস্মিক রুদ্ররোষ তাদের সব প্রস্তুতিকে ব্যর্থ করে দেয়।
 

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে। অভিযাত্রী দলটি ফেরার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ বিশাল আকারের তুষারস্তর ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প সময়ের মধ্যেই কয়েকজন গভীর তুষারের নিচে চাপা পড়েন। সঙ্গে সঙ্গে জরুরি সংকেত পাঠানো হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়।
 

তবে প্রতিকূল আবহাওয়া, প্রবল বাতাস ও সীমিত দৃশ্যমানতার কারণে উদ্ধার তৎপরতায় বিলম্ব ঘটে। কয়েক ঘণ্টা পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দুর্ঘটনার পর কয়েকজন জীবিত উদ্ধার হলেও ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬