পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
রৌমারী উপজেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যাশনাল চর অ্যালায়েন্সের আয়োজনে এবং সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে)-এর বাস্তবায়নে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর চর সাজাইয়ের দুর্গম চরাঞ্চলে ৪৫টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ প্যাকেজে ছিল ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ৩০টি ডিম, ১ কেজি ডাল, আধা লিটার ভোজ্যতেল এবং একটি বয়লার মুরগি।
বিতরণকালে উপস্থিত ছিলেন সিএসডিকে’র নির্বাহী পরিচালক আবু হানিফ, সহকারী পরিচালক হারুন অর রশিদ, স্থানীয় সমাজসেবক মো. এরশাদুল হক মাস্টার, বাংলাদেশ প্রেসক্লাব-এর সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, মুভি বাংলা টিভি-এর রৌমারী প্রতিনিধি শহিদুল্লাহ কায়সার লেবু এবং সিএসডিকে’র অন্যান্য সহকর্মীরা।
স্থানীয়রা জানান, দুর্গম এই চরাঞ্চলের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ন্যাশনাল চর অ্যালায়েন্স ও সিএসডিকে দীর্ঘদিন ধরে কাজ করছে। এর আগে ছাগল বিতরণ, শীতবস্ত্র ও লেপ প্রদানসহ বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তাদের মতে, এসব উদ্যোগ চরাঞ্চলের মানুষের কাছে আশার আলো হয়ে উঠেছে।
সিএসডিকে’র পক্ষ থেকে জানানো হয়, চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি পবিত্র রমজান মাসে যারা সহায়তা দিয়েছেন, তাদের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬