ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিলেন কায়কোবাদ
রায়হান চৌধুরী | মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
★ কুমিল্লা-৩ আসনের জনপ্রিয় এমপি, এলাকায় উৎসবের আমেজ.....

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন মন্ত্রিসভায় ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে মন্ত্রীর শপথবাক্য পাঠ করান।
কায়কোবাদ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবরে কুমিল্লার মুরাদনগরসহ পুরো নির্বাচনী এলাকায় আনন্দের বন্যা বইছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এই অর্জনকে এলাকার জন্য গৌরবজনক সাফল্য হিসেবে দেখছেন।
কুমিল্লা-৩ আসনের জনপ্রিয় এই সংসদ সদস্য ছয়বার জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তিনি সংসদ সদস্য হিসেবে বিজয়ী হন। পাশাপাশি ২০০২ সালের ৩ আগস্ট থেকে ২০০৩ সালের ১ জুলাই পর্যন্ত তিনি ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে কায়কোবাদ ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্ম মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে কায়কোবাদ-এর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সরকারের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬