হাতিয়া টু ঢাকা ফারহান লঞ্চে শিক্ষার্থী ধর্ষণ; পাল্টাপাল্টি মিছিলে সংঘর্ষ, আহত ৬
আজিজুর রহমান, নোয়াখালী প্রতিনিধি:
ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে নোয়াখালীর হাতিয়ায় এনসিপি–যুবশক্তি ও যুবদলের পাল্টাপাল্টি মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে হাতিয়া উপজেলার ওছখালী শহরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাত ৮টার দিকে এনসিপি ও যুবশক্তির নেতাকর্মীরা হাসপাতাল এলাকা থেকে জিরো পয়েন্টের দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময় উত্তর দিক থেকে যুবদলের আরেকটি মিছিল সেখানে এসে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
সংঘর্ষে হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা ও ছাত্রশক্তির আহ্বায়ক নিয়ামত উল্ল্যাহ নিরব আহত হন। অন্যদিকে ইটপাটকেলের আঘাতে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, পৌরসভা যুবদল নেতা আশিক এবং শাখাওয়াত হোসেন হিরো আহত হন। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
হাতিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিলের সময় হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ফারহান-৪ লঞ্চে এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ ওঠে। ভুক্তভোগী রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন এবং পুলিশ অভিযুক্তদের আটক করে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬