মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজারের ফুটপাতে প্রশ্নবিদ্ধ ‘চকি ব্যবসা’
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
দুইটি চকি বসাতে নেওয়া হয়েছে প্রায় ২ লাখ টাকা ব্যবসা হারিয়ে বেকার দুই দরিদ্র পরিবার.......
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ফুটপাতে অর্পিত সম্পত্তির জায়গায় চকি বসানোকে কেন্দ্র করে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বাজারের ফুটপাতে মাত্র দুইটি চকি বসানোর বিনিময়ে এক প্রভাবশালী নেতার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নেওয়া হয়েছে বলে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই স্থানে দুইজন নিম্নআয়ের মানুষ ছোটখাটো ব্যবসা করে তাদের পরিবার চালাতেন। কিন্তু সম্প্রতি নতুন করে চকি বসানোর উদ্যোগ নেওয়ার পর তাদের সেই ব্যবসা বন্ধ হয়ে যায়। ফলে তারা এখন বেকার হয়ে পড়েছেন এবং পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসীর ভাষ্য, অর্পিত সম্পত্তির জায়গায় এভাবে চকি বসানো এবং বিপুল অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ বাজারজুড়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে অস্বচ্ছ ও অনিয়মের ইঙ্গিত হিসেবে দেখছেন।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, বাজারের ফুটপাত সাধারণত ছোট ব্যবসায়ীদের জীবিকার জায়গা। সেখানে যদি প্রভাব খাটিয়ে চকি বসানো বা অর্থ লেনদেনের মাধ্যমে জায়গা দখলের ঘটনা ঘটে, তাহলে গরিব মানুষের জীবিকা হুমকির মুখে পড়ে।
বিশেষ করে সামনে ঈদুল ফিতরকে ঘিরে যখন নিম্নআয়ের মানুষের আয়-রোজগারের প্রয়োজন সবচেয়ে বেশি, তখন দুইটি পরিবারের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের মাঝেও ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, বাজারের ফুটপাত বা সরকারি সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা জরুরি। অন্যথায় এমন সিদ্ধান্তে গরিব মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
এ ঘটনায় এলাকাবাসী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬