একটি দলকে ভোট দিলে ‘জান্নাতের টিকিট’—এমন ধারণার সমালোচনা বিএনপি প্রার্থী বাবুলের
মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, একটি নির্দিষ্ট দলকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে—এমন কথা ইসলামে নেই। জান্নাতের টিকিট কোনো বেচাকেনার বিষয় নয়; কেউ তা বিক্রি বা ক্রয় করতে পারে না।
শনিবার (১২ তারিখ) দুপুর ১২টার দিকে মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ডা. বাদল পাশার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল মাদারগঞ্জ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মিজানুর রহমান মিজানের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি প্রার্থী বাবুল আরও বলেন, কোনো দলকে ভোট না দিলে দুঃখ-কষ্ট বা বিপদের আগুনে পুড়তে হবে—এমন বক্তব্যেরও ইসলামে কোনো ভিত্তি নেই। তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন।
উঠান বৈঠকে আরও বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক নান্টু মেম্বার, সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ মান্নান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম দুলাল।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬