|
প্রিন্টের সময়কালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ

রাজধানীতে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে যুবদল নেতা আহত


রাজধানীতে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে যুবদল নেতা আহত


রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে যুবদল নেতা আরিফুজ্জামান কামাল গুরুতর আহত হয়েছেন। তিনি দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।
 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ইকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেখানে ভর্তি করা হয়।
 

স্বজনদের বরাতে জানা যায়, কাজ শেষে ইকুরিয়া এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে করে আসা ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত হঠাৎ তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি চাপাতির আঘাত করে। হামলার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
 

চিকিৎসকরা জানিয়েছেন, আরিফুজ্জামান কামালের হাত ও পায়ে গুরুতর জখম হয়েছে।
 

স্বজনদের দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনের বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের সমর্থক হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কামাল। তাদের অভিযোগ, ওই আসনের প্রতিপক্ষের লোকজন এই হামলার সঙ্গে জড়িত।
 

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬