|
প্রিন্টের সময়কালঃ ০৫ মার্চ ২০২৬ ০৩:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের সামনে একীভূত ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ


বাংলাদেশ ব্যাংকের সামনে একীভূত ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ


পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা যথা সময়ে সঞ্চয়ের টাকা উত্তোলন, ‘হেয়ার কাট’ বাতিলসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। দাবি না মানলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

 

এ সময় বিক্ষোভকারীরা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নিলে স্বাভাবিক প্রবেশের বাঁধার সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ভেতরে প্রবেশ স্বাভাবিক করা হয়।

 

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্তে শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ সরকারি অনুকম্পা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আমানতকারীদের জন্য অমানবিক ও অন্যায্য। অবিলম্বে তাদের ঘোষিত মুনাফা দিতে হবে।

 

তারা বলেন, গত দুই বছর ধরে অনেক আমানতকারী এসব ব্যাংক থেকে মূলধন ও মুনাফা তুলতে পারছেন না। এতে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবন-যাপন করছেন। ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিল করে চুক্তি অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের মুনাফাসহ আমানতের পুরো অর্থ ফেরত দিতে হবে। পাশাপাশি অন্যান্য তপশিলি ব্যাংকের সব ধরনের লেনদেন স্বাভাবিক করতে হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬