জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন পল কাপুর
সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন।
দুই দিনের সফরে মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা স্বাগত জানান।
বুধবার (৪ মার্চ) তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, জ্বালানি মন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন এবং সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরের শেষ দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও তাঁর আলোচনার কথা রয়েছে। এছাড়া সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।
মার্কিন দূতাবাস জানিয়েছে, পল কাপুরের এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করা। দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দুই দেশের সরকারের সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনা হবে। পল কাপুর পেশাগত জীবনে যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলের জাতীয় নিরাপত্তা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬