ভোটকেন্দ্র দখলের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য: ১১ দলীয় জোটের জনসভায় হাসনাত আব্দুল্লাহ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় ভোটকেন্দ্র দখলের চেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যারা ভোটকেন্দ্র দখল করতে আসতে চাও, তোমরা তোমাদের মা-বোন ও সন্তানদের কাছ থেকে দোয়া নিয়ে এসো—আর ফেরত যেতে পারবে না।”
তিনি আরও বলেন, সারাদেশে একমাত্র ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে ১১ দলীয় জোট কাজ করছে এবং তাদের লক্ষ্য একটি চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।
হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, দীর্ঘদিন ধরে কিছু গণমাধ্যম একতরফাভাবে বিএনপির প্রশংসা প্রচার করছে। এ সময় তিনি গণমাধ্যম মালিকদের উদ্দেশে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষতা বজায় না রাখলে জনগণ তাদের ‘লাল কার্ড’ দেখাবে।
জনসভায় তিনি আগামী নির্বাচনে ১১ দলীয় জোট প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীকে রিকশা প্রতীকে ভোট দিয়ে নবীনগরকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসমুক্ত করার আহ্বান জানান।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম বাশার ও এনসিপির সহ-সমন্বয়ক সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মোবারক হোসাইন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাতেন, জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা এমদাদুল হক সিরাজী, সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম কাশরেকী, এনসিপির জেলা দক্ষিণ অঞ্চলের সংগঠক আব্দুল আল মাহমুদ জিহানসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আগামী ১২ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে ব্যালটের মাধ্যমে ‘ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত নবীনগর’ গড়তে রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬