নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
রাজধানী প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নারীর ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। জনসংখ্যার অর্ধেক নারী হওয়ায় তাদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে সক্ষম না করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে যদি আমরা পেছনে ফেলে রাখি এবং শিক্ষা ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করতে না পারি, তাহলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে না।”
পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৪টি স্থানে একযোগে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় নারীদের জন্য স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। সেই শিক্ষিত নারী সমাজকে এখন অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলতে বর্তমান সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি জানান, দেশের ১৪টি উপজেলায় এ কর্মসূচি শুরু হয়েছে এবং বর্তমানে প্রায় ৩৭ হাজার নারী এতে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে রাজধানীর কড়াইল, ভাষানটেক ও সাততলা এলাকায় প্রায় ১৫ হাজার নারী ফ্যামিলি কার্ডের সুবিধার আওতায় এসেছেন।
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের নারী প্রধানদের কাছে পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিনের পরিকল্পনার ফল হিসেবেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এ দিনটিকে তিনি সরকার ও বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, স্মরণীয় ও ঐতিহাসিক একটি দিন হিসেবে উল্লেখ করেন।
সরকারের জবাবদিহিতার বিষয়ে তিনি বলেন, “আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই—যে সরকার জনগণের জন্য কাজ করবে এবং দেশের উন্নয়নে কাজ করবে। নির্বাচনের আগে আমরা দেশের মানুষ ও নারী সমাজের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে তার বাস্তবায়ন শুরু করেছি।”
প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর কাজও শুরু হয়েছে এবং আগামী মাসের মধ্যেই অনেক কৃষকের হাতে সেই কার্ড তুলে দেওয়া হবে।
এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, গত সপ্তাহে এই ঋণ মওকুফ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর দিনটি ব্যক্তিগতভাবে তার জন্য আবেগঘন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করার পর অবশেষে এটি বাস্তবায়ন করতে পেরে তিনি কৃতজ্ঞ।
মধ্যপ্রাচ্যের অস্থিরতাসহ বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। সরকার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল থাকবে, তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে সময় লাগতে পারে।
বক্তব্যের শেষে নির্বাচনী স্লোগান স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।”
এর আগে সকাল ১০টা ৩৫ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। মঞ্চে ওঠার আগে তিনি মাঠে অপেক্ষমাণ নারীদের মাঝে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উপস্থিত নারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নানা স্লোগানে তাকে স্বাগত জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬