মুরাদনগরে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে ৫ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দাতব্য সংস্থা খলিফা ফাউন্ডেশন (UAE AID)-এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় উপজেলার জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদরাসা মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর ছোট ভাই কাজী শাহ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা ও প্রযুক্তি সমিতির চেয়ারম্যান মো. এনামুল হক খন্দকার এবং জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ আরেফিন বলেন, মুরাদনগরের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য খলিফা ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পবিত্র রমজান মাসে এ ধরনের মানবিক কর্মসূচি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটায়।
তিনি আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের মানবিক সহমর্মিতার বিষয়টি আবারও প্রতিফলিত হয়েছে। এ সহায়তার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি ও খেজুরসহ প্রায় ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬