আন্তর্জাতিক নারী দিবসে ছয় নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন খালেদা জিয়াসহ আরও পাঁচজন নারী।
রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়–এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
খালেদা জিয়ার পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে আরও পাঁচটি পৃথক ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়।
আয়োজকরা জানান, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান, সংগ্রাম এবং অদম্য মনোবলের স্বীকৃতিস্বরূপ এসব নারীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই উদ্যোগ নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি অংশগ্রহণে উৎসাহিত করবে এবং তাদের সংগ্রাম ও নেতৃত্বের গল্প সমাজের সামনে তুলে ধরবে।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন—
অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোছা. আফরোজা ইয়াসমিন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬