|
প্রিন্টের সময়কালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৯ অপরাহ্ণ

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ‘সালে গ্রুপ’ ঘিরে নিরাপত্তা উদ্বেগ


নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ‘সালে গ্রুপ’ ঘিরে নিরাপত্তা উদ্বেগ


মো: মোজাম্মেল হক, টেকনাফ উপজেলা প্রতিনিধি:

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ২৬ নম্বর ব্লকে সক্রিয় ‘সালে গ্রুপ’ নামের একটি গোষ্ঠীকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্যাম্পের বাসিন্দা ও স্থানীয় সচেতন মহলের দাবি, গ্রুপটির সদস্যরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা করছে এবং পাহাড়ি এলাকা দখলের চেষ্টা করছে।

তাদের অভিযোগ, দিনের বেলায় সশস্ত্র উপস্থিতির কারণে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। পাশাপাশি পাহাড় দখলের ফলে পরিবেশ ও বসবাসযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের ভাষ্য, চুরি, ছিনতাই, অপহরণ, ডাকাতি, মাদক ব্যবসা ও হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে গ্রুপটির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

ক্যাম্পের একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চান। “আমরা সাধারণ মানুষ, শান্তিতে থাকতে চাই,” বলেন এক বাসিন্দা।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ক্যাম্পের ভেতরে অস্থিরতা আরও বাড়তে পারে এবং এর প্রভাব আশপাশের এলাকাতেও পড়তে পারে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ক্যাম্পবাসীদের প্রত্যাশা, যথাযথ নজরদারি ও আইনগত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬