|
প্রিন্টের সময়কালঃ ০৩ মার্চ ২০২৬ ০৬:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ মার্চ ২০২৬ ০৩:২৭ অপরাহ্ণ

নেত্রকোণায় নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


নেত্রকোণায় নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


নেত্রকোণা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার কলমাকান্দা উপজেলায় রমজান উপলক্ষে ইফতার প্রস্তুতকারী ও বিক্রেতাদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে নিরাপদ খাদ্যের বিভিন্ন কারিগরি ও সচেতনতামূলক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণকালে খাদ্যের ভেজাল রোধ, খাদ্য দূষণ প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াকরণ, সঠিক পদ্ধতিতে সংরক্ষণ, পরিবেশন এবং পরিবহনে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

হাবিবুর রহমান জানান, রমজান মাসে সাধারণ মানুষের কাছে নিরাপদ ইফতার পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে কিভাবে ইফতার সামগ্রী প্রস্তুতি ও বিক্রি করতে হবে এবং সব ধরনের সংক্রমণ থেকে খাদ্যকে মুক্ত রাখা যায়, সে বিষয়ে ব্যবসায়ীদের সম্যক ধারণা দেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর সভাপতি মো. হাবিবুর রহমান সবুজ এবং উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক গৌতম কুমার সেন উপস্থিত ছিলেন। উপজেলার ২৫ জন শীর্ষস্থানীয় ইফতার ব্যবসায়ী এই প্রশিক্ষণে অংশ নেন।

 

প্রশিক্ষণ শেষে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কার্যক্রমে আরও উন্নত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি খাদ্য ব্যবসার আধুনিক ও নিরাপদ পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভবিষ্যতে এ ধরনের আরও উন্নত প্রশিক্ষণ আয়োজনের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬