|
প্রিন্টের সময়কালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২২ অপরাহ্ণ

পুলিশ একাডেমি সারদায় ১৬৯তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত


পুলিশ একাডেমি সারদায় ১৬৯তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত


মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:

 

 

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে ১৬৯তম টিআরসি (জুন–২০২৫) ব্যাচের রিক্রুট কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। চার মাসব্যাপী কঠোর মৌলিক প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মধ্য দিয়ে ব্যাচটির প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) মোঃ তওফিক মাহবুব চৌধুরী, বিপিএম। অভিবাদন গ্রহণ শেষে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

 

অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি, আরএমপির পুলিশ কমিশনারসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

১৬৯তম টিআরসি ব্যাচে মোট ৪১৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তারা দেশের বিভিন্ন জেলা থেকে গত ৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় যোগদান করেন। এর মধ্যে পঞ্চগড় ১১ জন, দিনাজপুর ৪০ জন, লালমনিরহাট ১৫ জন, নীলফামারী ২৩ জন, গাইবান্ধা ৩১ জন, ঠাকুরগাঁও ১৭ জন, রংপুর ৩৯ জন, কুড়িগ্রাম ২৬ জন, যশোর ৩৪ জন, সাতক্ষীরা ২৬ জন, মেহেরপুর ৯ জন, নড়াইল ৯ জন, চুয়াডাঙ্গা ১৪ জন, কুষ্টিয়া ২৫ জন, মাগুড়া ১২ জন, খুলনা ৩০ জন, বাগেরহাট ১৫ জন, ঝিনাইদহ ২৪ জন এবং ফেনী ২১ জন রয়েছেন।

 

সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রতন বালা। প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বেস্ট টিআরসি অ্যাওয়ার্ড অর্জন করেন পিএ/৭৩৪ টিআরসি আবু বক্কর ছিদ্দিক। বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড পান পিএ/৬২০ টিআরসি মোঃ জাহিদ হাসান, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড অর্জন করেন পিএ/৪৪৪ টিআরসি মোঃ মিলন ইসলাম এবং বেস্ট শ্যুটারের গৌরব অর্জন করেন পিএ/২৪১ টিআরসি মোঃ মোমিনুল ইসলাম।

 

প্রশিক্ষণ সমাপ্তির পর নবীন কনস্টেবলদের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হবে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ৭৪ জন, এপিবিএনে ১১১ জন, শিল্পাঞ্চল পুলিশে ১২ জন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ৬ জন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) ৪৮ জন, ঢাকা রেঞ্জে ৪৯ জন, রাজশাহী রেঞ্জে ৫২ জন এবং খুলনা রেঞ্জে ৬৬ জন যোগদান করবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬