|
প্রিন্টের সময়কালঃ ০৭ মার্চ ২০২৬ ০৬:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ মার্চ ২০২৬ ০৩:০৯ অপরাহ্ণ

নারীর ওপর সহিংসতা বন্ধের আহ্বান সারা হোসেনের


নারীর ওপর সহিংসতা বন্ধের আহ্বান সারা হোসেনের


বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন বলেছেন, যেকোনো দলের বা মতাদর্শের নারীর ওপর সহিংসতা ও আক্রমণ আর দেখতে চান না তারা। তিনি বলেন, গত দেড় বছর ধরে এবং তার আগেও আওয়ামী লীগ সরকারের সময় নারীর ওপর বিভিন্ন ধরনের নির্যাতন ও সহিংসতার ঘটনা দেখা গেছে। এসব অন্যায় বন্ধ করতে হবে এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
 

শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 

সারা হোসেন বলেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও নারীদের ওপর প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ হয় না। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর সহিংসতার অভিযোগ এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
 

তিনি আরও বলেন, নারীর ওপর যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সবাইকে কথা বলতে হবে। নীরব থাকলে চলবে না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যেতে হবে।
 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দীপ্তি দত্ত। সভায় সভাপতিত্ব করেন কমরেড জলি তালুকদার। এ সময় বক্তব্য দেন ডা. অধ্যাপক আক্তার বানু, কমরেড লাকি আক্তার, মমতা চক্রবর্তীসহ অন্যরা।
 

বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের অন্যতম কারণ দেশের রাজনৈতিক সংস্কৃতি এবং রাষ্ট্রব্যবস্থার পুরুষতান্ত্রিক কাঠামো। তারা জানান, নতুন সরকারের মন্ত্রিসভায় মাত্র তিনজন নারী স্থান পেয়েছেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচিত হয়েছেন মাত্র সাতজন।
 

সভাপতির বক্তব্যে জলি তালুকদার বলেন, দেশের বিরোধী দলে এমন শক্তি রয়েছে যারা একাত্তরের ঘাতকদের উত্তরসূরি, নারী বিদ্বেষী এবং নারী নেতৃত্ব মেনে নিতে চায় না। তিনি বলেন, যারা নারীদের সঙ্গে প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে এবং নারী মুক্তির আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
 

কমরেড লাকি আক্তার বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠা থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং এখনও রয়েছে। কিন্তু বর্তমানে একটি উগ্রপন্থি দল নারীদের কাজের সময় কমিয়ে দেওয়ার প্রস্তাব দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নারীদের জন্য সমান মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬