|
প্রিন্টের সময়কালঃ ০৩ মার্চ ২০২৬ ০২:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ মার্চ ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ

সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রবেশ সহজ করতে নতুন উদ্যোগ


সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রবেশ সহজ করতে নতুন উদ্যোগ


এইচ. এম. মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার:

 

সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার আরও সহজ ও সুশৃঙ্খল করতে মিডিয়া হাউসভিত্তিক কার্ড ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

 

সোমবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সংগঠনের সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

মন্ত্রী বলেন, মিডিয়া হাউসভিত্তিক এক বা একাধিক কার্ডের মাধ্যমে সচিবালয়ে প্রবেশব্যবস্থা পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর ফলে কোন মিডিয়া হাউস থেকে কতজন সাংবাদিক সচিবালয়ে প্রবেশ করছেন, সে সম্পর্কিত তথ্য সংরক্ষণ ও ডাটাবেইজ ব্যবস্থাপনা সহজ হবে।

 

তিনি আরও জানান, সচিবালয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে নিরাপত্তা ও প্রবেশব্যবস্থা সহজীকরণে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনার পর এক্সেস পাস সংক্রান্ত যে শর্ত আরোপ করা হয়েছে, তা আপাতত বহাল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

অ্যাক্রেডিটেশন কার্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, নীতিমালার আলোকে পুরো প্রক্রিয়াটি আরও কার্যকর করা হবে। নীতিমালার বাইরে অন্যায়ভাবে কেউ বাদ পড়ে থাকলে, তাকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

 

এ ছাড়া সচিবালয়ের অভ্যন্তরীণ অবকাঠামো ও সুযোগ-সুবিধা উন্নয়নের বিষয়ে সাংবাদিকদের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে সাংবাদিকদের মধ্য থেকে দুই থেকে তিনজন প্রতিনিধির মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬