পিরোজপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। “অটিজম কোনো সীমাবদ্ধতা নয়—প্রতিটি জীবন মূল্যবান” প্রতিপাদ্যে বুধবার (১৩ মে) সকালে দিবসটি উদযাপন করা হয়।
পিরোজপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন অটিস্টিক শিশু ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। শিশুদের প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল এবং ডেইলি অবজারভারের পিরোজপুর প্রতিনিধি জিয়াউল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলাউদ্দীন ভূঞা জনী বলেন, “অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়। সঠিক পরিচর্যা, বিশেষ শিক্ষা ও সহমর্মিতা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে।” তিনি আরও বলেন, অটিস্টিক শিশুদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা রয়েছে এবং তারা গণিত, ছবি আঁকা ও খেলাধুলায় বিশেষ দক্ষতা দেখাতে সক্ষম।
সভায় বক্তারা অটিস্টিক শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা, বিশেষায়িত সেবা কেন্দ্র বৃদ্ধি এবং থেরাপি সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অভিভাবকদের সচেতনতা ও সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শহর সমাজসেবা অফিসার মো. মাসুম বিল্লাহ এবং গীতা পাঠ করেন অমল চন্দ্র রায়।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় আরও বক্তব্য রাখেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম এবং পজিটিভ পিরোজপুরের সভাপতি মো. হাবিবুর রহমান।
এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬