|
প্রিন্টের সময়কালঃ ১২ অক্টোবর ২০২৬ ০৩:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ মে ২০২৬ ০৬:৪২ অপরাহ্ণ

পিরোজপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে সমন্বয় সভা


পিরোজপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে সমন্বয় সভা


পিরোজপুর প্রতিনিধি:


 

পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
 

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ। এতে উপজেলার সাতটি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (এএসিসিও) ও ইউপি সচিবরা অংশ নেন।
 

সভায় গ্রাম আদালতে দায়ের হওয়া বিভিন্ন মামলার বর্তমান অবস্থা, মামলা গ্রহণ প্রক্রিয়া এবং দ্রুত নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা নিশ্চিত করতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে ইউএনও মামুনুর রশিদ বলেন, সাধারণ মানুষ যাতে স্বল্প সময়ে ও হয়রানিমুক্তভাবে ন্যায়বিচার পায়, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
 

তিনি আরও বলেন, গ্রাম আদালত আইন-২০০৬ অনুযায়ী গ্রামের ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ প্রাথমিক পর্যায়েই নিষ্পত্তি করা সম্ভব হলে তা ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের রূপ নেওয়ার আশঙ্কা কমে যায়। বর্তমানে তিন লাখ টাকা পর্যন্ত আর্থিক মূল্যমানের মামলার বিচার গ্রাম আদালতেই করা যাচ্ছে। নামমাত্র ১০ থেকে ২০ টাকা ফি দিয়ে কোনো আইনজীবী ছাড়াই সাধারণ মানুষ অভিযোগ উপস্থাপন করতে পারছেন, যা বিচার ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এনেছে।
 

ইউএনও মামুনুর রশিদ জমি দখল, পাওনা টাকা আদায় ও সামাজিক বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতকে আরও কার্যকর করার আহ্বান জানান। পাশাপাশি মামলা গ্রহণ ও নিষ্পত্তির হার বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
 

সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো এবং নথিপত্র যথাযথভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬