‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির আদেশ ২১ জুলাই
ঢাকা প্রেস প্রতিবেদক:
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মো. মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি. এম. তারিকুল কবীর উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিদর্শক মো. সাইফুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, কারাগারে থাকা আসামি মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়। শুনানিতে তার পক্ষে আইনজীবী আনোয়ার জাহিদ ভূঁইয়া ও মো. বোরহান উদ্দিন অব্যাহতির আবেদন করেন। অন্যদিকে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
শুনানির একপর্যায়ে আদালতের অনুমতি নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে মতিউর রহমান দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, তিনি কোনো অন্যায় বা দুর্নীতি করেননি।
উভয়পক্ষের বক্তব্য শেষে আদালত অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ২১ জুলাই তারিখ নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মো. মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক। মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
তদন্ত শেষে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করে। অভিযোগপত্রে বলা হয়, সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে তিনি ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১৪ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিউর রহমানকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬