|
প্রিন্টের সময়কালঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৬ অপরাহ্ণ

‘প্রশাসনিক কারণে’ শাহ আলী থানার ওসি প্রত্যাহার


‘প্রশাসনিক কারণে’ শাহ আলী থানার ওসি প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক


 

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
 

শনিবার মধ্যরাতে দায়িত্ব হস্তান্তর করে থানা ত্যাগ করেন জাহাঙ্গীর আলম। ডিএমপি হেডকোয়ার্টারের পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক অফিস আদেশে তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
 

ওই আদেশে জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হলেও এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
 

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন।
 

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে শাহ আলী থানার দূরত্ব মাত্র এক কিলোমিটার। অভিযোগ রয়েছে, পুলিশের উপস্থিতিতেই সেখানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেছেন, খবর পাওয়ার পর পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং দায়িত্ব পালনে কারও অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
 

ঘটনাটি গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসার পর শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ ও মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
 

এদিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গ্রেপ্তার হওয়া চারজনের দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬