|
প্রিন্টের সময়কালঃ ০৩ নভেম্বর ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৬ ০৮:২৭ অপরাহ্ণ

ভাঙতি টাকা নিয়ে বিরোধ, দুই ভাইয়ের মারধরে অটোরিকশাচালক নিহত


ভাঙতি টাকা নিয়ে বিরোধ, দুই ভাইয়ের মারধরে অটোরিকশাচালক নিহত


তফছির আহম্মদ, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:

 

কুমিল্লার বরুড়ায় অটোরিকশার ভাড়া পরিশোধের সময় ভাঙতি টাকা নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মারধরে সোহেল মিয়া (৩২) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ঝলম বাসস্ট্যান্ড মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
 

নিহত সোহেল মিয়া বরুড়া উপজেলার বিলপুকুরিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশার ভাড়া পরিশোধের সময় ভাঙতি টাকা নিয়ে সোহেলের সঙ্গে দুই ভাইয়ের কথা-কাটাকাটি হয়। তাঁরা হলেন ঝলম ইউনিয়নের সিংগুইর গ্রামের মো. আবুল বাশারের ছেলে হাসান ও হোসাইন। একপর্যায়ে সোহেল হাসানকে চড় মারেন। এ সময় হাসানের ভাই হোসাইন সোহেলকে মারধর করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
 

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বরুড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, এ ঘটনায় জড়িত হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬