খিলগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় চোর সন্দেহে মোস্তফা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোস্তফা খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার নিয়ামত আলীর ছেলে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, শনিবার সকাল ৯টার দিকে নাগদারপাড় এলাকার ইকো পেট্রোল পাম্পের সামনে থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, শনিবার ভোরের দিকে মোস্তফা একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান। এ সময় তাকে চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
এসআই অনয় চন্দ্র পাল আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কী কারণে এবং কারা তাকে মারধর করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬