হাতিরঝিলে গভীর রাতে গুলিবর্ষণ, যুবদল কর্মী গুলিবিদ্ধ
ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
রাজধানীর হাতিরঝিলে শনিবার গভীর রাতে গুলিবর্ষণের ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত যুবকের নাম আরিফ হোসেন সরদার (৩৫)। তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, মগবাজার মোড়লবাড়ির সংলগ্ন হাতিরঝিল এলাকায় রাতের নির্জনে গোলাগুলির শব্দ পাওয়া যায়। তবে ঠিক কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী পথচারী জুয়েল মিয়া জানান, তিনি মোটরসাইকেলে করে যাওয়ার সময় রাস্তায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, “গোলাগুলির শব্দ শোনা গেছে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম জানান, গুলিবিদ্ধ আরিফ সরদার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সক্রিয় কর্মী। পেশায় তিনি একজন ওয়ার্কশপকর্মী।
আহত আরিফের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। তার পিতার নাম গিয়াস উদ্দিন সরদার। বর্তমানে আরিফ ডেমরার স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬