মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: মাদক, অতিমূল্যে এলপিজি বিক্রি ও অবৈধ মাটি কাটায় কারাদণ্ড-জরিমানা
নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:
কুমিল্লার মুরাদনগরে পৃথক অভিযানে মাদক সেবন, অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে। উপজেলা প্রশাসনের ধারাবাহিক এসব অভিযানে জনশৃঙ্খলা রক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) মুরাদনগর ইউনিয়নে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্টের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
এর আগে, ৯ এপ্রিল কোম্পানিগঞ্জ বাজারে রান্নায় ব্যবহৃত এলপিজি সিলিন্ডার অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বসুন্ধরা গ্রুপের এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
৮ এপ্রিল পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এরও আগে, ৭ এপ্রিল উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মুরাদনগর সদরের ইউসুফনগর, শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৪টি ড্রেজার এবং প্রায় ৩ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়। একই ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬