|
প্রিন্টের সময়কালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:০২ অপরাহ্ণ

জুলাই সনদের শর্ত বাস্তবায়ন না হলে সরকার পতনের ঘোষণা দিতে বাধ্য হতে পারে: ডা. শফিকুর রহমান


জুলাই সনদের শর্ত বাস্তবায়ন না হলে সরকার পতনের ঘোষণা দিতে বাধ্য হতে পারে: ডা. শফিকুর রহমান


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের শর্তগুলো বাস্তবায়ন না হলে সরকার পতনের ঘোষণা দিতে বাধ্য হতে পারে। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকারও ঘোষণা দেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের উত্তর বাজার এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গত ছয় মাসে সরকার কয়েকটি কার্ড দেওয়া ছাড়া জনগণকে আর কিছুই দিতে পারেনি। সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। ওয়াদা দিয়ে তা লঙ্ঘন করছে। গণভোটের পক্ষে অবস্থান নিয়ে জনগণের কাছ থেকে ভোট আদায় করে এখন সরকার গণভোটের রায়ের বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “আমরা রাস্তায় নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য। রাস্তায় নেমেছি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করার জন্য। রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস ফিরিয়ে দেওয়ার জন্য। রাস্তায় নেমেছি আপনাদের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্য। ইনশাআল্লাহ, দাবি পূরণ করে ঘরে ফিরব।”

সীতাকুণ্ডের বিভিন্ন সমস্যা তুলে ধরে জামায়াতের আমির বলেন, “আপনারা কি ২৪ ঘণ্টা বিদ্যুৎ পান, গ্যাস পান? সীতাকুণ্ডে চাঁদাবাজি হয় কি না? সীতাকুণ্ডে কি মাদক আছে? সন্ত্রাস আছে?”

তিনি আরও বলেন, দেশ মাদকে ভরে গেছে। এতে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে এবং দেশকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, তারা আশাবাদী, জনতার বিজয় হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই সনদের শর্ত বাস্তবায়ন না হলে সরকার পতনের ঘোষণা দিতে বাধ্য হতে পারেন বলেও তিনি উল্লেখ করেন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সব দাবি আদায় করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

পথসভায় এনসিপির নেতৃবৃন্দসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে নেতৃবৃন্দ হাজারো গাড়ির বহর নিয়ে চট্টগ্রামের লালদিঘি ময়দানের উদ্দেশ্যে রওনা দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬