মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি ‘আল আমিন’ গ্রেপ্তার।
নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:
কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মো. আল আমিন (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মুরাদনগর সদর ইউনিয়নের হিরারকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মুরাদনগর থানা পুলিশ। গ্রেপ্তার আল আমিন ওই এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হিরারকান্দা গ্রামে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) রাজু বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে নজরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আল আমিন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মুরাদনগর থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬