মার্জিন ঋণে পিবি রেশিও শর্ত বাদ দেওয়ার ইঙ্গিত, বিনিয়োগকারীদের স্বস্তির বার্তা
এইচ এম মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার:
প্রস্তাবিত মার্জিন ঋণ বিধিমালায় প্রাইস-টু-বুক (পিবি) রেশিও সংক্রান্ত শর্ত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন জানিয়েছে, খসড়া বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি। অংশীজনদের মতামত ও সুপারিশ পর্যালোচনা করে পিবি রেশিও-সংক্রান্ত শর্ত বাদ দেওয়ার বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনা করা হতে পারে।
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান দায়িত্ব গ্রহণের পর থেকেই সহজ, বাস্তবসম্মত ও বিনিয়োগবান্ধব মার্জিন ঋণ বিধিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। তবে সম্প্রতি প্রকাশিত খসড়া বিধিমালায় প্রস্তাব করা হয়, কোনো বীমা কোম্পানির শেয়ারের পিবি রেশিও ১-এর বেশি হলে সেই শেয়ার মার্জিন ঋণের জন্য অযোগ্য বিবেচিত হবে।
এই প্রস্তাব প্রকাশের পর পুঁজিবাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে বীমা খাতের বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের দামে ধারাবাহিক পতন লক্ষ্য করা যায়। এতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগও বাড়ে।
এ বিষয়ে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, খসড়া বিধিমালাটি এখনো চূড়ান্ত হয়নি। এর ওপর মতামত, পরামর্শ ও আপত্তি জানানোর জন্য ১৫ দিনের সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অংশীজনদের কাছ থেকে পাওয়া সব মতামত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন হলে বিধিমালায় সংশোধন আনা হবে। তিনি জানান, ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে উল্লেখযোগ্য সংখ্যক মতামত কমিশনের কাছে জমা পড়েছে।
পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতে, বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতে পিবি রেশিও সংক্রান্ত শর্তটি বাদ দেওয়া হলে তা বীমা খাতসহ সামগ্রিক পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে মার্জিন ঋণ ব্যবস্থাকে আরও কার্যকর, বাস্তবসম্মত ও বিনিয়োগবান্ধব করে তুলতেও এটি ভূমিকা রাখবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬