পবিত্র হজ ২৬ মে
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় হিজরি ১৪৪৭ সালের শেষ মাসের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে সোমবার (১৮ মে) থেকে। এর মধ্য দিয়ে হজ ও ঈদুল আজহার সময়সূচিও ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদির চাঁদ দেখা কমিটি রোববার (১৭ মে) সন্ধ্যায় নতুন চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। পরে জানানো হয়, আগামী ২৬ মে (মঙ্গলবার) পালিত হবে ‘ইয়াওমে আরাফা’ এবং পরদিন ২৭ মে (বুধবার) উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
ইসলামের পাঁচ স্তম্ভের একটি হজ। প্রতি বছর জিলহজ মাসে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসল্লি সৌদি আরবে সমবেত হন এই ইবাদত পালনের জন্য। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত ‘আরাফাতের ময়দানে অবস্থান’ অনুষ্ঠিত হয় জিলহজের ৯ তারিখে।
ধর্মীয়ভাবে বিশ্বাস করা হয়, আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনার মধ্য দিয়েই হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিন হাজিরা দিনভর দোয়া, ইবাদত ও আত্মশুদ্ধিতে সময় কাটান।
এর পরের দিন জিলহজের ১০ তারিখে বিশ্বজুড়ে মুসলমানরা উদযাপন করেন পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আনুগত্যের শিক্ষা ধারণ করে এ উৎসবে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন।
হজ মৌসুমকে কেন্দ্র করে ইতোমধ্যে সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের ঢল নেমেছে। হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন হজ পালন নিশ্চিত করতে পরিবহন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও আবাসন ব্যবস্থায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬