|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৬ ০৮:৪৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৬ ০৫:২৬ অপরাহ্ণ

মাদারগঞ্জে জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা, দুই যুবককে জরিমানা


মাদারগঞ্জে জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা, দুই যুবককে জরিমানা


মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টা ও জাল সনদ তৈরির ঘটনায় দুই যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

জানা যায়, সিয়াম মিয়া নামে এক যুবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ডের জন্য আবেদন করেন। আবেদন যাচাই-বাছাইয়ের সময় সনদটি জাল বলে প্রমাণিত হলে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম মিয়া জাল সনদ তৈরির সঙ্গে স্থানীয় একটি কম্পিউটার দোকানদার কামরুল হাসানের সম্পৃক্ততার কথা জানান। পরে উপজেলা চত্বরে অবস্থিত ‘রায়হান কম্পিউটার’ নামের দোকানে অভিযান চালিয়ে কামরুল হাসানকে আটক করা হয়। এ সময় তিনি জাল সনদ তৈরির বিষয়টি স্বীকার করেন।

পরবর্তীতে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, সরকারি নির্দেশ অমান্য করা দণ্ডনীয় অপরাধ। জালিয়াতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ফুয়েল কার্ড গ্রহণে আগ্রহীদের সঠিক কাগজপত্র ব্যবহারের আহ্বান জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬