আদালতের গুরুত্বপূর্ণ নথি চুরি: ডিবির অভিযানে উদ্ধার, গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে রায়ের অপেক্ষায় থাকা একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় আদালতের কর্মচারী, মুহুরী ও উমেদারসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া মামলার নথিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মে সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করেন। তিনি জানান, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর দায়রা মামলা নং-৯০৪/২০২২-এর গুরুত্বপূর্ণ নথি রায় ঘোষণার আগেই চুরি হয়ে যায়। এ ঘটনায় একটি অজ্ঞাত নম্বর থেকে আদালতের এক কর্মচারীর কাছে ফোন করে নথি ফেরত দেওয়ার বিনিময়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ সুপার দ্রুত জড়িতদের শনাক্ত এবং নথি উদ্ধারের নির্দেশ দেন। পরে জেলা গোয়েন্দা শাখার একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে রাজশাহীর বাগমারা ও নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকায় অভিযান চালিয়ে এস এম আকাশ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁ সদর উপজেলার সিংবাচা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আকাশ তার বাড়ির আঙিনায় খড়ের পালার ভেতরে লুকিয়ে রাখা মামলার নথি বের করে দেয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর ও আদমদীঘি এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর পিয়ন পলাশ, সাপাহার সাব-জজ আদালতের পিয়ন আরিফ এবং আদালতের মুহুরী সবুজ (৪০)।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এস এম আকাশ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া তিনি আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নামও উল্লেখ করেছেন।
এ ঘটনায় আর কারা জড়িত এবং নথি চুরির পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল কি না, তা উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬