|
প্রিন্টের সময়কালঃ ২০ মে ২০২৬ ০৩:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মে ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ

আনসার বাহিনী কর্মসংস্থান ও প্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখছে


আনসার বাহিনী কর্মসংস্থান ও প্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখছে


দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান তৈরিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশেও এই বাহিনীর সদস্যরা দক্ষতা ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।

 

বুধবার সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি-তে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ ও ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর, বন্দর ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাতেও তারা দক্ষতার সঙ্গে কাজ করছেন।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অস্থিরতা ও নৈরাজ্যপূর্ণ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আনসার বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দুর্যোগকালেও মানুষের পাশে থেকে সেবা দেওয়ার মাধ্যমে বাহিনীটি একটি শৃঙ্খলাপূর্ণ ও স্বতন্ত্র প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে।

 

বক্তব্যে তিনি জানান, বর্তমানে আনসার বাহিনীর ১৩ হাজারের বেশি সদস্য ফ্রিল্যান্সিং কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি ফিল্ড ভিডিপি সদস্যরা বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সামাজিক আস্থা বৃদ্ধিতে কাজ করছেন। নগর এলাকায় টিডিভি সদস্যরাও নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছেন।

 

তিনি বলেন, বাহিনীটি শুধু নিরাপত্তা নয়, সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির ক্ষেত্রেও অবদান রাখছে। সঞ্জীবন প্রকল্প, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে দেশ-বিদেশে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এর আগে সকাল ৯টার দিকে ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে পৌঁছে কুচকাওয়াজ ও মৌলিক প্রশিক্ষণের বিভিন্ন প্রদর্শনী উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি মাঠপর্যায়ে কর্মরত আনসার সদস্যদের নানা সমস্যা ও অভিজ্ঞতার কথাও শোনেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬