বড়াইগ্রামে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, ১৫ লাখ টাকার চেক বিতরণ
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি | ঢাকা প্রেস

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। সভা সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসান।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব এম. লুৎফর রহমান, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল আলিম, জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নুর কচি, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক আতিকুর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা ও সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
এ ছাড়া সফল যুব সংগঠক আনিসুর রহমান, উদ্যোক্তা খাদিজা খাতুন ও সাইফুল ইসলাম বক্তব্য দেন। বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহণকারী যুবক-যুবতী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় ছয়জনের মধ্যে ৭ লাখ ৫০ হাজার টাকা এবং পরিবারভিত্তিক কর্মসূচির আওতায় ২৫ জনের মধ্যে আরও ৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন।
অনুষ্ঠানে মোট ৩১ জনের মধ্যে সর্বমোট ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬