|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুন ২০২৬ ০২:১২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জুন ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ

মুরাদনগরে স্কাউট সদস্যদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ


মুরাদনগরে স্কাউট সদস্যদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ


রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ




তরুণদের দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কুমিল্লার মুরাদনগরে স্কাউট সদস্যদের জন্য দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে নেতৃত্ব বিকাশ, নৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্ববোধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
 

বুধবার (১৭ জুন) উপজেলা পরিষদের উন্নয়ন সহায়তায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কবি নজরুল মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বী। এতে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক মো. তাজুল ইসলাম, বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেইনার মো. আখতারুজ্জামান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ।
 

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী দক্ষতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্কাউট কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, দলগত কর্মপ্রবণতা বৃদ্ধি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করে।
 

প্রশিক্ষণে স্কাউট কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, নৈতিক শিক্ষার চর্চা, শিক্ষার মানোন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।
 

দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন স্কাউট সদস্য অংশ নেন। আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬