সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ।
আজ সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) দ্বিতীয় ও শেষ দিনের মতো এই বাছাই কার্যক্রম শুরু হয়।
এর আগে, গতকাল বুধবার দুপুর ২টায় প্রথম দিনের বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
এদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ইসি সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান।
তবে তথ্য যাচাইয়ের জন্য জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র সাময়িক স্থগিত রাখা হয়। তার মনোনয়নপত্রে পেশা হিসেবে সরকারি চাকরি ও পে-স্কেলের উল্লেখ থাকায় এবং আরপিও (নির্বাচনি বিধিমালা) অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছর পর নির্বাচনে অংশ নেওয়ার বাধ্যবাধকতা থাকায়, স্বপক্ষে প্রমাণ জমা দিতে তাকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কমিশন।
বাছাই পর্ব শেষ হওয়ার পর ইসির পূর্বঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। এরপর ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি করা হবে।
কোনো প্রার্থী চাইলে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবেন।
চূড়ান্ত প্রার্থীদের মধ্যে আগামী ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং সবশেষে আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬